ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন নেভাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্লা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোররাত চারটার দিকে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগিবরাট ভেন্নাতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন নসিমন চালক ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, যোগিবরাট ভেন্নাতলা বাজারে আগুন লাগার পর বাবুল মোল্লা স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন। এ সময় একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাবুল মোল্লা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্লাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস জানায়, ভোরে ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকান থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে একজন মারা গেছেন এবং তিনজন আহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

