ফিফার রেফারিংয়ের বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’র অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুস। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানে। পরবর্তীতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাকে।
বুধবার (১৭ জুন) সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে হুগো ব্রুস আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সাম্প্রতিক একটি ঘটনার সঙ্গে জেওয়ানের লাল কার্ডের তুলনা করেন। গত মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ের ম্যাচে মেসি প্রতিপক্ষের খেলোয়াড়কে লাথি মারলেও কোনো কার্ড বা শাস্তি পাননি। অথচ জেওয়ানের ক্ষেত্রে রেফারি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে দক্ষিণ আফ্রিকার কোচ বলেছেন, ‘আমি চাই না মেসি লাল কার্ড পাক। তার মতো একজন খেলোয়াড়কে সবসময় মাঠেই দেখতে চাই। কিন্তু নিয়মের ক্ষেত্রে এই পার্থক্য কেন?’ মেসি এবং জেওয়ানের ঘটনার ক্ষেত্রে ফিফার নিয়ম কেন দুই রকম? মেসির ওই ফাউলটি ভিএআর দিয়ে চেকও করা হলো না, অথচ জেওয়ানের বিষয়টি নিয়ে এত কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো!’
থেম্বা জেওয়ানের লাল কার্ডটিকে ‘অযৌক্তিক ও কঠোর’ দাবি করে কোচ বলেন, ‘আমি ঘটনাটি বারবার দেখেছি। আমার বিচারে সেটি কোনোভাবেই সরাসরি লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল না।’ এই সিদ্ধান্তের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ফুটবল দল আনুষ্ঠানিকভাবে আপিল করবে বলেও তিনি জানান।

