৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৩৪

ভাইকিংদের ডেরা থেকে জয় নিয়ে ফিরতে না পারলেও লিওনেল মেসিকে ছাড়িয়ে যাওয়ার এক অনন্য কীর্তি গড়েছেন হ্যারি কেইন। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে নরওয়ের ক্লাব ভাইকিংয়ের বিপক্ষে ৩–৩ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখ। দলের পক্ষে জোড়া গোল করার পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের রেকর্ড বইয়ে আর্জেন্টিনার মহাতারকা মেসিকে পেছনে ফেলে নতুন এক শিখরে পা রেখেছেন এই ইংলিশ স্ট্রাইকার।

বয়স ৩০ পেরিয়ে গেলেও চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টাইন কিংবদন্তিকে পেছনে ফেলেছেন কেইন। ৩০ পেরিয়ে ইউরোপের শীর্ষ এ ক্লাব প্রতিযোগিতায় ৪০ ম্যাচে ৩৬ গোল করলেন ৩৩ বছর বয়সী কেইন। মেসি ৩০ পেরিয়ে চ্যাম্পিয়নস লিগে ৪৮ ম্যাচে করেন ৩৫ গোল। অর্থাৎ ভাইকিংয়ের জালে কেইনের দ্বিতীয় গোলে পেছনে পড়েন বার্সেলোনা কিংবদন্তি।

কেইন বায়ার্নে যোগ দেন ২০২৩ সালে। চ্যাম্পিয়নস লিগে এরপর থেকে অন্য রূপে দেখা যাচ্ছে তাকে। সামনে এখন করিম বেনজেমা, রবার্ট লেভানডফস্কি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৩০ বছর বয়স পেরিয়ে এ তালিকায় বেনজেমার গোল ৩৭টি, লেভার ৬৪ এবং রোনালদোর ৬৮টি। কেইন যে গতিতে ছুটছেন, তাতে বেনজেমার পেছনে পড়া স্রেফ সময়ের ব্যাপার। লেভানডফস্কি ও রোনালদোকে পেছনে ফেলতে পারবেন কি না, তা সময় হলেই বোঝা যাবে।

চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে টানা ৯ ম্যাচে গোল করলেন কেইন। পোলিশ কিংবদন্তি লেভানডফস্কি ও সাবেক ডাচ স্ট্রাইকার রুদ ফন নিষ্টলরয়ও টানা ৯ ম্যাচে গোল করেছেন। তবে রেকর্ড গড়তে কেইনকে আরও টানা ৩ ম্যাচে গোল করতে হবে। ২০১৮ সালে রোনালদো টানা ১১ ম্যাচে গোলের রেকর্ড গড়েন।

এদিকে কেইন এবার ব্যালন ডি’অর জয়ে বেশ বড় দাবিদার। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৫ ম্যাচে করেছেন ৭৩ গোল। বুন্দেসলিগা জয়ের পাশাপাশি জেতেন জার্মান কাপও। গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে ইংল্যান্ডকে তুলেছিলেন সেমিফাইনালে। এবারের মৌসুমে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৮ গোল করেছেন কেইন।

ইত্তেফাক/এসএইচ