বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৩:০১

ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি এবং শক্তিশালী ডলারের চাপের মুখে বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রকাশের ফলে মুদ্রাস্ফীতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে এবং জ্বালানি তেলের বাজারেও দরপতন ঘটেছে, যা স্বর্ণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৪৬ দশমিক ৫৫ ডলারে নেমে এসেছে, যা গত সপ্তাহের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি। মার্কিন স্বর্ণের ফিউচারও ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৬৪ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে। জেনার মেটালসের স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্টের মতে, ফেডারেল রিজার্ভের কঠোর অবস্থানের কারণে ডলারের মান চলতি বছরের নতুন উচ্চতায় পৌঁছেছে, যা বিদেশি ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল করে তুলেছে।

ফেডারেল রিজার্ভের সর্বশেষ নীতি ঘোষণার পর মার্কিন ডলার সূচক এক বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সিএমই ফেডওয়াচ টুলের তথ্যানুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা ৮৫ শতাংশে উন্নীত হয়েছে। স্বর্ণ একটি অ-ফলনশীল সম্পদ হওয়ায় উচ্চ সুদের হারের পরিবেশে বিনিয়োগকারীদের কাছে এর আকর্ষণ কমে যায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের রাষ্ট্রপতির স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রকাশ পাওয়ায় ভূ-রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রশমিত হয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন, তবুও যুদ্ধবিরতির খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ২ মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্বর্ণের পাশাপাশি রুপা, প্লাটিনাম এবং প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ আন্তর্জাতিক বাজারে হ্রাস পেয়েছে।

ইত্তেফাক/এএম