জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী এলাকায় আর্জেন্টিনার একটি পতাকা চুরি হয়েছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন আর্জেন্টিনার এক সমর্থক।
শনিবার(২০ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের। এর আগে শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে টুটুল সিকদার নামে এক ব্যাক্তি পতাকা চুরির বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া এলাকার যুবকরা ভেরুসেল এক্সপ্রেস ক্লাব নামে একটি ক্লাব গঠন করে। ক্লাবের সদস্যরা চাঁদা তুলে আর্জেন্টিনার একটি বড় পতাকা তৈরি করে। পতাকাটির দৈর্ঘ্য ছিলো ২০ ফুট। প্রস্ত ৬ ফুট। বিশ্বকাপ শুরুর আগেই পতাকাটি মধ্যপাড়া রাস্তা সংলগ্ন এলাকায় টানানো ছিলে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পতাকাটি কে বা কারা চুরি করে নিয়ে যায়।
খোঁজাখুঁজি করে পতাকাটি না পেয়ে টুটুল সিকদার বাদী হয়ে শুক্রবার বিকেলে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে নামীয় কাউকে আসামি করা হয়নি। সব আসামি অজ্ঞাত।
ভেরুসেল এক্সপ্রেস ক্লাবের সদস্য ও আর্জেন্টিনার সমর্থক টুটুল সিকদার বলেন, পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। একই সাথে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। পতাকাটি কেউ পেয়ে থাকলে বা স্বেচ্ছায় ফেরত দিলে তাকে ১০ হাজার টকা নগদ পুরস্কার দেওয়া হবে।
দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কার্যক্রম চলমান আছে। প্রকাশ্যে ও গোপনে তদন্ত চলছে। তদন্ত প্রক্রিয়া শেষ হলে চূড়ান্তভাবে ঘটনার বিষয়ে বলা যাবে।

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক