আমির হামজা হত্যা মামলার পলাতক আসামি ‘বডি সোহেল’ গ্রেপ্তার

আপডেট : ২১ জুন ২০২৬, ১৭:২৭

বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সোহেল হোসাইন ওরফে ‘বডি সোহেলকে’ (৩৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬।

রোববার (২১ জুন) র‌্যাব-৬ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সোহেল খুলনা সদর থানার চাঁনমারী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

র‌্যাব জানায়, গত ২০ মার্চ পূর্ব শত্রুতার জেরে সোহেলসহ মামলার অন্যান্য আসামিরা মোটরসাইকেলে করে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে আমির হামজাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেছা বাদী হয়ে চিতলমারী থানায় সোহেলসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সোহেল আত্মগোপনে ছিলেন।

ইত্তেফাক/এপি