জাতীয় সংসদ পরিচালনার জন্য মিনিটে ২ লক্ষ ৭২ হাজার টাকার বেশি খরচ হলেও বিরোধীদলীয় সদস্যরা বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে থাকেন বলে উল্লেখ করেছেন বিএনপি মনোনীত সংরক্ষিত নারী আসনের সদস্য ড. নিলোফার চৌধুরী মনি।
রোববার (২১ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১১তম দিনে বক্তব্য দেওয়ার সময় তিনি এমন অভিযোগ করেন।
নিলোফার চৌধুরী মনি বক্তব্য দেওয়ার সময় নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর এমপি আব্দুল মুনতাকিমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, মহান জাতীয় সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে ২ লক্ষ ৭২ হাজার টাকা খরচ হয়। এখানে বিরোধীদল পর্দা, বালিশ, মেশিন, মাইক্রোওয়েভ— এইসব আলোচনা করে। আরও আলোচনা করে কার বাবা-দাদা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে।
স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, যে সংসদ সদস্য বলেছেন উনার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, উনার জন্ম হয়েছে ১৯৮১ সালে। ১০ বছর পরে জন্ম হয়েছে। আমি আপনার মাধ্যমে জানতে চাই, মায়ের গর্ভে থাকা ভ্রুণ কি ১০ বছর কারো পেটে থাকে?
নিলোফার চৌধুরী মনি বলেন, আমি শুধু এই কথাটা বলতে চাই, মুক্তিযোদ্ধাই যে হতে হবে সংসদ সদস্য হওয়ার জন্য, এটা না। সংসদ সদস্য হতে জনগণের জন্য কাজ করলেই হয়। সেখানে এই মহান জাতীয় সংসদে অসত্য কথা বলার জায়গা থাকতে পারে না। তাই আমি বলছি, আপনারা মুক্তিযোদ্ধা হন, মুক্তিযুদ্ধের জন্য জীবন দিয়ে দেন আমার দুঃখ নাই। কিন্তু এইভাবে অসম ভুলভাল আপনারা বলবেন না।
পরে তার বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধীদলের যে সদস্যের কথা বলেছেন যে উনি জন্ম হয়েছে অনেক পরে, তিনি নিজেই তার ভুল সংশোধন করেছেন। তার পিতা এখনও জীবিত আছেন। তিনি জানিয়েছেন, ভুলক্রমে তিনি কথাটা বলেছেন। আরও একজন সদস্য এই সম্বন্ধে বক্তব্য রেখেছেন। ভুলক্রমে ভুল হতেই পারে। এটি ইচ্ছাকৃত ভুল নয়।

