‘আমি নিয়মিত সুযোগই পাই না’, ক্ষোভ ঝাড়লেন শেখ মেহেদী

আপডেট : ২২ জুন ২০২৬, ১৩:১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৭ উইকেটের পরাজয় বরণ করে টাইগাররা। সিরিজের শেষ দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নিজের হতাশার কথা তুলে ধরেন তিনি।

মেহেদীর মতে, সিরিজে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই বড় পার্থক্য গড়ে দিয়েছে। তিনি বলেন, দলের সমস্যা বলতে তিনি কিছু দেখছেন না, তবে ব্যাটাররা ফর্মে থাকলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। তিন ম্যাচের মধ্যে কেবল একটি ম্যাচে ভালো সূচনা এসেছে, বাকি দুই ম্যাচে তা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ২২ বলে ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছিলেন মেহেদী। তবে এরপরের দুই ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। এ নিয়ে আক্ষেপ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন ক্রিকেটার হিসেবে নিয়মিত না খেলতে পারাটা হতাশাজনক।

মেহেদী বলেন, তিনি মূলত টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলেন, কিন্তু সেখানেও নিয়মিত সুযোগ পান না। দলীয় কম্বিনেশন কিংবা ম্যাচ-আপের কারণে প্রায়ই তাকে একাদশের বাইরে থাকতে হয়। নিয়মিত খেলার সুযোগ পেলে নিজের পারফরম্যান্স আরও উন্নত করতে পারতেন বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ দলের বোলারদের সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই অলরাউন্ডার। তার ভাষ্য, একজন ব্যাটার যেভাবে ধারাবাহিকভাবে সুযোগ পান, বোলারদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না।

নিজেকে বাংলাদেশের সেরা টি-টোয়েন্টি বোলারদের একজন দাবি করে মেহেদী বলেন, দেশের সেরা ব্যাটারদের যেমন সহজে দল থেকে বাদ দেওয়া হয় না, তেমনি সেরা বোলারদের ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা উচিত। তিনি বলেন, বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে কম ইকোনমি রেট তার, তারপরও তিনি নিয়মিত সুযোগ পান না।

সবশেষে মেহেদী আক্ষেপ করে বলেন, ব্যাটারদের ক্ষেত্রে যে ধৈর্য ও আস্থা দেখানো হয়, বোলারদের ক্ষেত্রে তার উল্টো চিত্র দেখা যায়। কেন এমনটা হচ্ছে, সেটি তার বোধগম্য নয়।

ইত্তেফাক/আইএ