রাজবাড়ীর পাংশায় গোখরা সাপের ছোবল খেয়ে জীবিত সাপটি প্লাস্টিকের পাত্রে ভরে হাসপাতালে এসেছেন এক কৃষক। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামে এ ঘটনা ঘটে।
বর্তমানে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানায় পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গিয়াস উদ্দিন।
সাপের আক্রমণে আহত ওই কৃষকের নাম সহমান মোল্লা। সে উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামখোল গ্রামের মো. মজিবর মোল্লার ছেলে।
কৃষক সহমান মোল্লার পরিবারের বরাতে ডা. গিয়াস উদ্দিন জানায়, দুপুরে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে যান কৃষক সহমান মোল্লা। খড়ের গাদিতে হাত দিতেই সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তার হাতে ছোবল দেয়। এসময় তার চিৎকার শুনে পরিবারের লোকজন দ্রুত ছুটে আসেন। তাৎক্ষণিক সাপটিকে ধরে প্লাস্টিকের একটি পাত্রে আটকে ফেলেন। পরে দ্রুত সহমানকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. গিয়াস উদ্দিন আরও জানান, সাপটি সঙ্গে নিয়ে আসায় শনাক্ত করতে দেরি হয় নি। সঙ্গে সঙ্গেই অ্যান্টিভেনাম দেওয়া হয় রোগীকে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

