বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স ও ইরাকের মধ্যকার ম্যাচটি বজ্রপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন প্রথমার্ধের শেষ দিকে নিকটবর্তী এলাকায় বজ্রপাতের আশঙ্কা দেখা দিলে ফিফা খেলা বন্ধের এই সিদ্ধান্ত নেয়।
স্টেডিয়ামের বিশাল পর্দায় সতর্কবার্তা প্রচার করে দর্শকদের গ্যালারি ছেড়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এর পরপরই গ্যালারি প্রায় জনশূন্য হয়ে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বজ্রঝড়ের সম্ভাবনা থাকায় নির্ধারিত সময়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, বজ্রপাত হলে সর্বশেষ পতন থেকে অন্তত ৩০ মিনিট অপেক্ষা করার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে খেলা পুনরায় শুরু করা হবে।
ম্যাচ স্থগিত হওয়ার আগ পর্যন্ত কিলিয়ান এমবাপ্পের গোলে ১–০ ব্যবধানে এগিয়ে আছে ফ্রান্স। খেলার ১৪ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে এমবাপ্পের নেওয়া একটি শক্তিশালী বাঁ-পায়ের শট ইরাকের জালে জড়ায়। চলতি বিশ্বকাপে এটি তার ব্যক্তিগত তৃতীয় গোল।
বিরতির আগে এমবাপ্পের এই একমাত্র গোলটিই ম্যাচে দুই দলের মধ্যে ব্যবধান গড়ে দিয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে ম্যাচটি পুনরায় কখন মাঠে গড়াবে, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

