খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন

প্রকাশ্যে আওয়ামী লীগ, গোপনে সক্রিয় জামায়াত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মহাজোটের প্রার্থী নিয়ে বিভ্রান্তি আর জামায়াত না বিএনপি সেই ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। অতি নাটকীয় কিছু না ঘটলে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ প্রার্থী নতুন মুখ হিসেবে মনোনয়ন পাওয়া আকতারুজ্জামান বাবুর সঙ্গে জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদের। তবে কয়রা-পাইকগাছায় আওয়ামী লীগ প্রার্থীর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়সহ সরব উপস্থিতি দেখা গেলেও প্রকাশ্যে নড়াচড়া নেই জামায়াতের। নাশকতার মামলায় জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদ কারাগারে থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তার কর্মী-সমর্থক ও অনুসারীরা নিরবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দলটির বেশিরভাগ কার্যক্রমই বর্তমানে পরিচালিত হচ্ছে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে। কৌশলী হয়ে দলটি স্থানীয় বিএনপির সঙ্গে জোটগত সম্পর্ক রক্ষার কাজও চালিয়ে যাচ্ছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকতারুজ্জামান বাবু কয়রা উপজেলায় গত ২৯ নভেম্বর নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এরপর গত ৩ ডিসেম্বর বর্ধিত সভার মাধ্যমে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় মনোনয়ন বঞ্চিত নেতাদের অনুসারীরাও নৌকার জয় ছিনিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ জানান, এখন মূলত তারা নির্বাচন পরিচালনা কমিটি গঠনে ব্যস্ত সময় পার করছে। এরপর ১০ ডিসেম্বর থেকে দলীয় প্রার্থীকে নিয়ে আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন।