বগুড়ার পাঁচটি আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় নির্বাচনী আমেজ নেই

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০০

বগুড়া জেলার সাতটি আসনের মধ্যে পাঁচটি আসনেই নেই আওয়ামী লীগের কোনো প্রার্থী। এই পাঁচটি আসনে মহাজোটের প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে এই পাঁচটি আসনে আওয়ামী লীগের নেতা-কর্মীরা রয়েছে নীরব। এসব আসনে নির্বাচনী কোনো আমেজ নেই। সকলের যেন গা-ছাড়া ভাব।

অপরদিকে এসব আসনে বিএনপির নেতা-কর্মীরাও সরব হতে পারেনি। এসব আসনে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন দেওয়ায় কার পক্ষে নেতা-কর্মীরা ভোট চাইবে তা ঠিক করে উঠতে পারেনি। বিএনপির নেতা-কর্মীরা জানান, প্রার্থী চূড়ান্ত হলেই তারা মাঠে নামবেন।

জেলার সাতটি আসনের মধ্যে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) ও বগুড়া-৫(শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদের মনোনয়ন দেওয়া হয়েছে। বাকি বগুড়া-২, ৩, ৪, ৬, ৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী না দিয়ে মহাজোটের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর মধ্যে চারটি আসনে জাতীয় পার্টির প্রার্থী ও একটি আসনে জাসদ (ইনু) প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে বগুড়ায় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে এখন সেই উচ্ছ্বাস নেই। তাদের মধ্যে একটা গা-ছাড়া ভাব। কারণ মহাজোটের যেসব প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের জনপ্রিয়তা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। ২০১৪ সালে বিনা ভোটে এরা নির্বাচিত হলেও এবার কি করবেন সেটাই দেখার বিষয় বলে মনে করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

নাম প্রকাশে অনিচ্ছুক জেলা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতা বলেন, বগুড়া সদর আসনে আওয়ামী লীগ থেকে কাউকে মনোনয়ন দেওয়া উচিত ছিল। এই ১০ বছরে বগুড়া সদরে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে অনেকে। তাছাড়া এবার সদর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করতে পারছেন না। এই সুযোগটা দল কাজে লাগাতে পারতো বলে মনে করেন এসব নেতা। তারা বলেন, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় এই ১০ বছরে আওয়ামী লীগ কতটুক জনপ্রিয়তা বা ভোট ব্যাংক তৈরি করেছে তার প্রমাণ পাওয়া যেত।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ মহাজোট থেকে যাকেই প্রার্থী দিবে তার পেছনেই কাজ করতে হবে। যেহেতু নির্বাচনী প্রচারণা শুরু হয়নি সেজন্য নির্বাচনী আমেজ নেই এমন ভাবতে পারে অনেকেই। প্রচারণা শুরু হলেই বোঝা যাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে কিনা।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মহাজোটের জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাকে প্রার্থী করা হয়েছে। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বর্তমান সংসদ সদস্য জাসদের জেলা সভাপতি রেজাউল করিম তানসেন ও জাপার নুরুল ইসলাম বাচ্চু প্রার্থী হয়েছেন। বগুড়া-৬ (সদর) আসনে বর্তমান সাংসদ জাপার নুরুল ইসলাম ওমর, বগুড়া-৭(গাবতলী) আসনে জাপার বর্তমান সংসদ সদস্য আলতাফ আলী ও এটিএম আমিনুল ইসলাম প্রার্থী হয়েছেন।