হাইড্রেশন ব্রেকে কোনো ব্যবসা হচ্ছে না: ফিফা সভাপতি

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:২১

বিশ্বকাপে চালু হওয়া হাইড্রেশন ব্রেক নিয়ে ওঠা বাণিজ্যিকীকরণের অভিযোগ সরাসরি নাকচ করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার দাবি, এই বিরতি থেকে ফিফার কোনো ধরনের অতিরিক্ত ব্যবসায়িক বা রাজস্ব আয় হচ্ছে না; এটি সম্পূর্ণভাবে খেলোয়াড়দের স্বাস্থ্য ও প্রতিযোগিতার ভারসাম্য রক্ষার জন্য নেওয়া একটি সিদ্ধান্ত।

উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপে তীব্র গরমের কারণে প্রতিটি ম্যাচে দুই অর্ধের মাঝে তিন মিনিটের হাইড্রেশন ব্রেক চালু করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তবে সম্প্রচার সময় এই বিরতির সময় বিজ্ঞাপন প্রচার এবং অতিরিক্ত মিডিয়া এক্সপোজারের কারণে এর পেছনে বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে কি না—এমন প্রশ্ন উঠেছে ফুটবল অঙ্গনে।

এই সমালোচনার জবাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্টভাবে বলেন, হাইড্রেশন ব্রেক থেকে ফিফার কোনো অতিরিক্ত রাজস্ব আসছে না। তার ভাষায়, সব বাণিজ্যিক চুক্তি আগেই সম্পন্ন হওয়ায় নতুন করে কোনো আর্থিক সুবিধা তৈরি হয়নি।

ইনফান্তিনোর মতে, মূল উদ্দেশ্য হলো খেলোয়াড়দের শারীরিক সুরক্ষা নিশ্চিত করা। দীর্ঘ প্রতিযোগিতা ও প্রচণ্ড গরমে ম্যাচ খেলতে গিয়ে খেলোয়াড়রা যাতে স্বাস্থ্যঝুঁকিতে না পড়েন, সে কারণেই এই বিরতি যুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে সব দলকে একই ধরনের পরিবেশে খেলানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ম্যাচে তাপমাত্রার কারণে বিশেষ সুবিধা তৈরি হলে সেটি প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে—এই বিবেচনাতেই প্রতিটি ম্যাচে হাইড্রেশন ব্রেক বাধ্যতামূলক করা হয়েছে।

তবে এই সিদ্ধান্ত নিয়ে ফুটবল অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কোচ, খেলোয়াড় এবং সমর্থকদের একটি অংশ এর সমালোচনা করলেও অনেকেই খেলোয়াড়দের সুরক্ষার দিকটি বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

 

 
ইত্তেফাক/এসএ