দুবাই থেকে ভেদরগঞ্জে ককটেল ফাটালেন ছাত্রদল কর্মী মামুন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বর্ধিত সভায় ককটেল বিস্ফোরণের অভিযোগে শরীয়তপুরের সখিপুর থানায় দুবাই প্রবাসী এক ছাত্রদল কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী মামুন চৌধুরী দেড় মাস ধরে দুবাইতে কর্মরত আছেন। তিনি দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের খলিল মালের কান্দির বাসিন্দা মৃত হারিস চৌধুরীর ছেলে। গত শনিবার সন্ধ্যায় দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের মাল বাজারে আওয়ামী লীগের বর্ধিত সভায় ককটেল বিস্ফোরণে তিনি অংশ নিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মানিক বাদী হয়ে সখিপুর থানায় মামলাটি দায়ের করেন। ফলে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

মামুনের স্ত্রী মনি বেগম বলেন, আমার স্বামী অনেকদিন আগেই বিদেশে পাড়ি জমিয়েছে। কিন্তু শত্রুতা করে তাকে এ মামলায় আসামি করা হয়েছে।

এ মামলার বাদী দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. মানিক মিয়া বলেন, তালিকায় নাম ভুলও হতে পারে। তবে তা সংশোধন করা যায়। কেউ বিদেশে আছে কিনা তা আমার জানা নেই।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাহলে মামলা থেকে তিনি অব্যাহতি পাবেন।