খুলনায় নিজ বাড়িতে বৃদ্ধার রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২৬, ২১:৫৬

খুলনায় মমতাজ বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার দুই ছেলে আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) দুপুরে তাদের আটক করা হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে নগরীর খালিশপুরের উত্তর কাশিপুর কবরস্থান রোডের একটি বাসায় ওই বৃদ্ধার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে নগরীর খালিশপুরের উত্তর কাশিপুর কবরস্থান রোডের ডাক্তার বাড়ি নামের বাসার নিজ কক্ষ থেকে পরিবারের সদস্যরা মমতাজ বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় তার চোখমুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে দাগের চিহ্ন রয়েছে। বুধবার দুপুরে প্রতিবেশীদের না জানিয়ে তার বড় ছেলে মাসুম ও ছোট ছেলে হোমিও চিকিৎসক মেহেদী হাসান সোহাগ তড়িঘড়ি করে মরদেহ দাফনের উদ্যোগ নেয়।

ঘটনাটি এলাকার মানুষের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নগরীর খালিশপুর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, মমতাজ বেগমের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এছাড়া তার দুই ছেলে মাসুম ও মেহেদী হাসান সোহাগসহ পরিবারের সদস্যদের জিজ্ঞাসাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি