গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে তসলিমা আক্তার মিম (১০) ও রবিউল ইসলাম রাফি (৯) নামে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) রাতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তসলিমা আক্তার মিম ছাপড়হাটী ইউনিয়নের পশ্চিম ছাপড়হাটী গ্রামে হাফিজুর রহমানের মেয়ে ও রবিউল ইসলাম রাফি একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বাড়ির পাশেই অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করছিল মিম ও রাফি। বিকেলে তারা বাড়ির নিকটবর্তী একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সঙ্গীরা তাদের খুঁজে পাচ্ছিল না। এদিকে, দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি শাহিন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

