২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি, ময়লা-আবর্জনা বিতরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৫ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ।
কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়েছে জেলা প্রশাসন।
এর আগে বুধবার ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের অনলাইন ভার্সনে একটি রিপোর্ট প্রকাশিত হয়। পরে বিষয়টি আলোচনায় আসে।
সর্বশেষ বৃহস্পতিবার এই ঘটনা তদন্তে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা। তিনি জানান, জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি, ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম জানান, কৃষি মন্ত্রণালয়কে সারের বিষয়টি জানিয়েছিলাম। পরে তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয় মন্ত্রণালয়। বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে৷ সারের বিতরণ আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে আর যে কোম্পানি থেকে সার কেনা হয়েছে তাদেরকে টাকা দিতেও নিষেধ করা হয়েছে। তদন্ত শেষে ভালো মানের জৈব সার বিতরণ করা হবে। আইন অনুযায়ী সেই সারের কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা দেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ