কানাডা ভূমিকম্পে ব্যাপক ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার দুর্গত মানুষের জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অনিতা আনন্দ বলেন, এই অর্থের মাধ্যমে বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলো জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা ও অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা দুর্গত এলাকায় পৌঁছে দেবে।
তিনি আরও বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, তা দেখে হৃদয় বিদারক।
প্রসঙ্গত, গত বুধবার (২৪ জুন) এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রথমটির মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টি ছিল আরও শক্তিশালী ৭.৫ মাত্রার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দ্বিতীয় ভূমিকম্পটি প্রথমটির মাত্র ৩৯ সেকেন্ড পর আঘাত হানে।
প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এরপর থেকে দেশটিতে ২০টিরও বেশি আফটারশক অনুভূত হয়েছে। এটি ভেনেজুয়েলার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
ভেনেজুয়েলার স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইউএসজিএসের আশঙ্কা, মৃতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সূত্র: ইয়াহু নিউজ

