দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর ভেনেজুয়েলার বিরোধী নেত্রী ও নোবেল বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো নিজ দেশে ফিরে এসেছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে নিজের উপস্থিতির কথা নিশ্চিত করেন।
মাচাদোর দেশে ফেরার পর লারা রাজ্যের বারকুইসিমেতো শহরের সান্তা রোসা গির্জার সামনে হাজার হাজার সমর্থক তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। এই প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে অন্য নির্বাসিত বিরোধী প্রেসিডেন্ট পদপ্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়া জানান, সার্বভৌম গণমানুষের কণ্ঠস্বর আবারও ভেনেজুয়েলায় ফিরে এসেছে এবং তিনিও শীঘ্রই দেশে ফিরবেন।
গত ডিসেম্বরে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে নরওয়ে যাওয়ার পর মাচাদোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলায় বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ঘটে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় দেশটির দীর্ঘদিনের শাসক নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়, যেখানে মাচাদো ও গঞ্জালেসকে আলোচনা থেকে দূরে রাখা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাচাদোর নিরাপত্তা কামনা করেন তবে জানান, তার ফেরার বিষয়ে তিনি কিছু জানতেন না। পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্র ও রদ্রিগেজ সরকারের তেল চুক্তি এবং রাজনৈতিক বন্দীদের মুক্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে মাচাদোর সঙ্গে কিছুটা মতবিরোধ দেখা দেয়। বর্তমানে ভেনেজুয়েলাকে একটি টেকসই গণতন্ত্র ও নির্বাচনের দিকে পরিচালিত করতেই মাচাদোর এই প্রত্যাবর্তন বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
সূত্র: সিএনএন
