তামিমে মুগ্ধ সৌম্য

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০১

মাঠের চারপাশে কড়া পুলিশি পাহারা। পুলিশের বেষ্টনির পরেই দর্শক সারি। নিরাপত্তার সব আয়োজন প্রস্তুত থাকলেও গতকাল বিকেএসপিতে দর্শক ঢল থামানো যায়নি। অবশ্য এমন তারকা বহুল ম্যাচ নিকট অতীতে খুব কমই দেখেছে এই মাঠ।

ওয়েস্ট ইন্ডিজের ৩৩১ রানের জবাবে বিসিবি একাদশও করেছে ছয় উইকেটে ৩১৪ রান। আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার পর বিসিবি একাদশকে জয়ী ঘোষণা করা হয়েছে। ডিএল মেথডে ৫১ রানে জয় পায় বিসিবি একাদশ।

নান্দনিক ব্যাটিংয়ে প্রস্তুতি ম্যাচ রাঙিয়েছেন তামিম ও সৌম্য। দুজনই সেঞ্চুরি করেছেন। তামিম ১০৭ রান (১৩ চার, ৪ ছয়) করেছেন। সৌম্য অপরাজিত ১০৩ রান (৭ চার, ৬ ছয়) করেছেন। ব্যাটিংয়ের দিক থেকে তামিমদের প্রস্তুতি তাই ভালোই হয়েছে। এই মাঠেই পরপর দুই প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন সৌম্য। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধেও প্রস্তুতি ম্যাচে ঝকঝকে সেঞ্চুরি করেছিলেন তিনি।

ম্যাচ শেষে সৌম্য জানিয়েছেন, প্রস্তুতি ম্যাচের এই পারফরম্যান্স ওয়ানডে সিরিজে আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশ দলকে। আর বড় রান তাড়া করার অভ্যাসটাও হলো ব্যাটসম্যানদের।

গতকাল সৌম্য বলেছেন, ‘এই ধারাবাহিকতা যদি সবাই ধরে রাখতে পারি কিংবা এই আত্মবিশ্বাসটি যদি সবার মধ্যে থাকে তা হলে তা সবাইকে সাহায্য করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। প্রস্তুতি ম্যাচে আমরা ৩০০ এর উপরে রান তাড়া করতে গিয়েছি, প্রায় আট নয় ওভার বাকি ছিল, এর মধ্যে আমরা ম্যাচটি শেষ করতে পেরেছি। তো মূল ম্যাচেও যদি আমরা এভাবে ভালো শুরু করতে পারি তাহলে ৩০০ রান কোনো ব্যাপার হবে না। মানে সহজ হবে আরকি।’ প্রায় তিন মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে নামা তামিমের ব্যাটিংয়ে মুগ্ধ সৌম্য। মনে হয়নি এত দিন বাইরে ছিলেন তামিম।

সৌম্য বলেছেন, ‘আমার কাছে ওনার ব্যাটিং দেখে মনে হয়নি যে উনি বাইরে থেকে আসলো কিংবা কয়েকটি ম্যাচ বাইরে ছিল। আমার দেখে খুব ভালো লেগেছে যে উনি অনেক আত্মবিশ্বাসী ছিলেন। আর শুরুতে একটি ভালো স্টার্ট পেয়েছে। এমন স্টার্ট সব সময় হয় না। আমি চাইব যে এমন স্টার্ট সব সময় উনি দিতে পারবেন, এটি বাংলাদেশের জন্যও ভালো, ওনার জন্যও ভালো।’