জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদশ। রোববার (২৮ জুন) বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে বাংলাদেশের প্রথম সারির অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়েছে। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, এই ম্যাচেও নিজেদের সেরাটাই দিতে চান তারা।
শনিবার (২৭ জুন) শান্ত বলেন, ‘বেশ কিছু খেলোয়াড় বেশ কয়েকদিন আগে এসেছি। অ্যাডজাস্টমেন্ট ভালোভাবেই হয়েছে। আশা করছি ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত। কিছু খেলোয়াড় পরে এসেছে তবে আশা করি এই কয়দিনের অনুশীলনে মানিয়ে নিয়েছে। আশা করি ম্যাচে এডজাস্টমেন্টে খুব একটা সমস্যা হবে না।’
বাংলাদেশ সেরা প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করেছে বললেন অধিনায়ক, ‘এখানে যেসব সুযোগ-সুবিধা আছে সে অনুযায়ী আমরা সেরা প্রস্তুতি নেওয়ারই চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে, গত কয়েক সিরিজে ভালো ক্রিকেট খেলছি। আশা করি এই টেস্টে ভালো কিছু করতে পারব।’
অস্ট্রেলিয়া সফরের দুই টেস্টের প্রস্তুতিও এখানে সেরে নিতে চায় বাংলাদেশ। শান্ত বলেন, ‘ম্যাচটা জিততে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। এই সিরিজের পর বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে কতটা ভালো খেলছি এটা গুরুত্বপূর্ণ। ব্যাটার-বোলাররা ভালো করলে সামনের সিরিজেও কাজে আসবে। লক্ষ্য থাকবে কত ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।’

