তুরাগে মরদেহ উদ্ধারের তথ্য ভুয়া, বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর আহ্বান ডিএমপির

আপডেট : ২৮ জুন ২০২৬, ১৯:২০

তুরাগ নদে সাতটি মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা জেলা পুলিশও।

রোববার (২৮ জুন) এক ব্রিফিংয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। তবে ডিএমপির আওতাধীন এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই ছাড়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকা উচিত।

এদিন বিকেলে পৃথক এক ব্রিফিংয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনও বলেন, আওয়ামী লীগের একটি মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি জনগণকে এসব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক রঙ চড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এসব গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

পুলিশ সুপার আরও বলেন, আওয়ামী লীগের মিছিল থেকে সাতজন নিখোঁজ হওয়ার বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এছাড়া সুমন ও রনি নামে দুই ব্যক্তির মৃত্যুর ঘটনার সঙ্গে কথিত নিখোঁজের দাবির কোনো সম্পর্ক নেই। তাদের মৃত্যু ভিন্ন কারণে হয়েছে।

এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসছে’—এমন শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইত্তেফাক/এমএএম