‘গাড়ির ভাড়াও এখনো পরিশোধ করতে পারিনি’

বিলাসী জীবনের অভিযোগ নাকচ নাহিদ ইসলামের

আপডেট : ২৮ জুন ২০২৬, ২২:২৬

নিজের বিরুদ্ধে বিলাসবহুল জীবনযাপনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নিরাপত্তার প্রয়োজনে ভাড়ায় একটি গাড়ি ব্যবহার করলেও এখনো সেই গাড়ির ভাড়া পরিশোধ করতে পারেননি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আমি রেন্ট-এ-কারে ভাড়া আনিয়ে একটি গাড়ী ব্যবহার করি আমার নিরাপত্তার জন্যে। মাসের শেষ, সে গাড়ির ভাড়া আমি এখনও দিতে পারি নি।’

সরকারি দলের এক সংসদ সদস্যের মন্তব্যের জবাবে নাহিদ ইসলাম বলেন, আগে যারা রিকশায় চলতেন, তারা এখন গাড়িতে চলেন—এমন বক্তব্য বাস্তবতার প্রতিফলন নয়।

তিনি বলেন, ‘৫ আগস্টের আগে যারা ধানক্ষেত ও পাটক্ষেতে কাজ করতেন, তাদের জীবনে কী পরিবর্তন এসেছে, তা তাদের প্রতিবেশীরাই সবচেয়ে ভালো জানেন।’

বক্তব্যে আওয়ামী লীগ সরকারের সময় অনেক নেতার সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘অনেক নেতা জেলে থাকা অবস্থাতেই তাদের সম্পদ কয়েক গুণ বেড়েছে। এই আমলে কারও সম্পদ এভাবে বাড়বে কি না, সেটাই দেখার বিষয়।’

বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, ক্ষমতার পরিবর্তনের পরও তারা সাধারণ জীবনযাপন ও স্বচ্ছতার নীতি অনুসরণ করছেন। তাই রাজনৈতিক প্রতিপক্ষের পক্ষ থেকে বিলাসী জীবনযাপনের যে অভিযোগ আনা হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

 

 
ইত্তেফাক/এসএ