‘ফ্রড অ্যালার্ট’ লিখে পরিচালকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পারসার

আপডেট : ২৯ জুন ২০২৬, ১১:৩৬

অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা ও অপেশাদার আচরণের অভিযোগ তুলেছেন। 

স্যোশাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, গত সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন। শুধু তিনি নন, প্রযোজনা দলের আরও অনেক সদস্যও এখনও তাদের পাওনা বুঝে পাননি।

ফেসবুক পোস্টে পারসা লেখেন, নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তিনি এ বিষয়ে কথা বলছেন। তার অভিযোগ, যোগাযোগ, পেশাদারিত্ব এবং পারিশ্রমিক পরিশোধ সব ক্ষেত্রেই গুরুতর সমস্যার মুখোমুখি হতে হয়েছে তাকে। 

অভিনেত্রী জানান, তিনি কিছু টাকা পেলেও এখনও পুরো পারিশ্রমিক পাননি। তবে নিজের পাওনার চেয়ে টিমের অন্য সদস্যদের নিয়ে তিনি বেশি উদ্বিগ্ন। বিশেষ করে প্রোডাকশন বয় ও নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন, তাদের প্রাপ্য অর্থ না পাওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।

পারসার ভাষ্য, আমি নিজের টাকা না পেলেও হয়তো মেনে নিতে পারি। কিন্তু যারা দিন এনে দিন খায়, সেই প্রোডাকশন বয়দের কী হবে? নতুন যারা ভালো কাজের আশায় কঠোর পরিশ্রম করছে, তারা কি তাদের প্রাপ্যটুকুও পাবে না?

সহকর্মী ও সংশ্লিষ্টদের সতর্ক করে অভিনেত্রী পরামর্শ দেন, কোনো কাজ শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া এবং সব আর্থিক চুক্তি লিখিতভাবে নিশ্চিত করা উচিত। তিনি আরও বলেন, শিল্পাঙ্গনে সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের চর্চা হওয়া প্রয়োজন। প্রতিশ্রুতি ভঙ্গ ও অসততার কোনো জায়গা থাকা উচিত নয়।

গণমাধ্যমকে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের পরিচালনায় ‘নীলাঞ্জনা এক্সপ্রেস’ নামে একটি ওয়েব কনটেন্টে তিনি গত বছরের ডিসেম্বর-জানুয়ারির দিকে কাজ করেছিলেন। 

তার দাবি, ওই কাজের পারিশ্রমিক এখনো পুরোপুরি পরিশোধ করা হয়নি। একই সঙ্গে অন্য শিল্পী ও প্রযোজনা দলের সদস্যদেরও বকেয়া রয়েছে।

অভিনেত্রীর দাবি, গত ১৬ জুন পরিচালক তাকে আশ্বস্ত করেছিলেন যে ২৮ জুন সব বকেয়া পরিশোধ করবেন। কিন্তু নির্ধারিত দিনেও সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি। বিষয়টি তিনি ইতোমধ্যে অভিনয় সংঘকে মৌখিকভাবে জানিয়েছেন।

ইত্তেফাক/ পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন