আগস্টের কবিতা

আঁধার ঘেরা দিন

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ১৯:১১

 

আজ, পনেরো আগস্ট, আঁধার ঘেরা একটি দিন

সূর্যাস্তের গাঢ় লালের চেয়েও রক্তিম দিন

মানবেতিহাসের রক্তভেজা দিন।

পিতৃহত্যার মাধ্যমে স্বাধীনতার সূর্যকে ঢেকে দেওয়ার দিন।

দিনটি মসীকলঙ্কময়।

গ্লানি লজ্জা অপমান আর প্রবল অভিঘাতময়।

এদিন ম্রিয়মাণ সূর্য যেন বিষণ্ন বিশেষ

অরুণের কিরণধারা যেন হারিয়ে যায় কানাগলিতে।

অমানিশাময় দিনটিতে নক্ষত্রের আলোও যেন ভুলে যায় মিটমিট করতে।

জ্বলজ্বলে চাঁদ যেন হারিয়ে যায় রাহুর আড়ালে।

পুরো জাতি যেন মুখ লুকায় অপার শোকের যবনিকার নিচে।

এভাবেই পিতৃহত্যার পরের ক্ষণে

আদিত্যহীন আঁধার আকাশে চন্দ্র হারিয়ে যায়

জোনাকির ঝাঁক হয়ে নক্ষত্রেরা হারিয়ে যায়

কোনো অযুত আলোকবর্ষ দূরের ছায়াপথের ঝোপে।

অমন তামস রাতে সমীরণ যেন পণ করেছিল বইবে না আর।

অমন গহন আঁধার দিনে ছিন্ন হয়েছিল সত্যের শেকড়।

বিপন্ন হয়েছিল আমাদের অস্তিত্বের কেতন।

যাঁর হাসিতে উদ্ভাসিত হয়ে উঠত পুরো জাতি

যাঁর উচ্ছলতায় আন্দোলিত হয়ে উঠত রূপসী বাংলা

তাঁকে হারানোর দিনটিতে বৃষ্টি ঝরেছিল আমাদের গহন-মনে

অঝোর ধারায়।

কী এক দুর্বিষহ দুমড়ে মুচড়ে দেওয়া শোক

কী এক বর্ণনাতীত বেদনা—

কতটা অপকৃষ্ট হতে পারি আমরা

খুন করতে পারি নিজেদের পিতাকেও—

স্বাধীনতার অমূল্য কেতন পেয়েছিলাম যাঁর হাত দিয়ে!

 

আজ, পনেরো আগস্ট, আঁধার ঘেরা দিনটি যখন

ফিরে ফিরে ঘুরে আসে বার বার, প্রতি বছর। তখন দিনটি

পুনরায় আন্দোলিত করে আমাদের হূদয়ভূমি।

ক্ষুরধার শাণিত তীব্র তীক্ষ অভিঘাতে মনে করিয়ে দেয়—

কী নির্মম দুঃসহ অপরাধ জাল পেতেছিল তামস অন্ধকারে

কী নিষ্ঠুর মহাপাতক হয়েছিলাম আমরা, এই দিনে! 

 

কবির A Nation Confesses (অবসর, ২০১৪) কাব্য থেকে অনূদিত

ভাষান্তর : তাপস কুমার দত্ত