কোটালীপাড়ায় ২ লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট : ২৯ জুন ২০২৬, ১৩:৫৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। উদ্ধারকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

রবিবার (২৮ জুন) উপজেলার কান্দি ইউনিয়নের বিভিন্ন জলাশয় ও খালগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে বিকেলে জনসম্মুখে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশীয় প্রজাতির মাছের বংশবিস্তার রক্ষায় সরকার চায়না দুয়ারী জালের ব্যবহার নিষিদ্ধ করেছে। তবে একটি অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে এসব জাল ব্যবহার করে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে নিধন করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মোট ৫৬টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। অভিযান শেষে কোটালীপাড়া উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হকের উপস্থিতিতে জব্দকৃত জালে অগ্নিসংযোগ করে তা ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ বলেন, মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই অভিযান চলমান থাকবে। নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহারের ফলে ছোট মাছের রেণু ও ডিম নষ্ট হয়ে যাচ্ছে, যা আমাদের মৎস্য ভাণ্ডারের জন্য বড় হুমকি। যারা আইন অমান্য করে এসব জাল ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাল ধ্বংসের সময় উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহজাহান সিরাজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও প্রকৃত মৎস্যজীবীরা।

ইত্তেফাক/আইএ