আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নিচ্ছে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। গতকাল শনিবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বিএনপি যতই লাফালাফি করুক না কেন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই তারা নির্বাচনে অংশ নেবে।
নির্বাচনকে সামনে রেখে আওয়ামী শিবিরে উত্সব থাকলেও বিএনপিতে কোনো উত্সব না থাকার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিরোধী শিবিরে উত্সব কেনো নেই তা জানি না। তবে তারা নির্বাচনে অংশ নিচ্ছেন এ ব্যাপারে সন্দেহ নেই, সংশয় নেই। আমরা আশাবাদী। রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুক্রবার রাজশাহীতে যে বক্তব্য দেওয়া হয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পরে কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনের আইন এবং আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন জোটগতভাবে অংশগ্রহণের বিষয়টি আজ রবিবার নির্বাচন কমিশনকে জানিয়ে দেবে আওয়ামী লীগ। গণপ্রতিনিধিত্ব আদেশে নিবন্ধিত দলগুলো জোটবদ্ধ হয়ে যেকোনো একটি দলের প্রতীক ব্যবহার করতে চাইলে তা তফসিল ঘোষণার পরবর্তী তিন দিনের মধ্যে ইসিকে জানানোর বিধান থাকায় আজ রবিবার শেষ হচ্ছে সে সময়সীমা।
গতকাল বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, এখন মেরুকরণ সমীকরণ চলছে। জোটবদ্ধভাবে নির্বাচন করার বিষয়টি ব্যাপারে আমরা ইসির কাছে সময় চাইবো। পরে রাতে গণভবনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ ইসিকে বিষয়টি জানানো হবে। বৈঠক সূত্র ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছে।
