বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বজ্রপাতে একটি প্রায় ৫০ ফুট উঁচু একটি তাল গাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার (২৯ জুন) বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে ৪ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে বৃষ্টি হলে সেই আগুন নিভে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সোমবার বিকলে ওই এলাকায় বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের পর মুহূর্তেই তাল গাছের আগায় থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো গাছটি জ্বলতে থাকে। কিছুক্ষণ পর শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে আগুন ধীরে ধীরে নিভে যায়। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাছটি অনেক উঁচু হওয়ায় স্থানীয়রা আগুন নেভানোর কোনো সুযোগ পাননি।
স্থানীয় সংবাদকর্মী ও প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের বিকট শব্দ ও আগুনের শিখা দেখে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। আমরা সবাই নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ঘটনাটি দেখেছি।

