নিখোঁজের ৪ দিন পর কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮:৫৮

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের চার দিন পরে তাসকিয়া নামে (৭) বছরের এক কন্যাশিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাসকিয়া পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (২৫জুন) দুপুরে নিখোঁজ হয় তাসকিয়া। অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেন তার পরিবার। সোমবার সকালে বালুয়াকান্দি চরে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে তাসকিয়ার পরিবার মরদেহ শনাক্ত করে। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তথ্য উপাত্ত সংগ্রহসহ জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। আশা করছি দ্রুতই এই শিশুর মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে।

ইত্তেফাক/এপি