১৯৭৫ সালের এদিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। ক্ষত-বিক্ষত হয় বাঙালির হূদয়। খানখান ভগ্ন হূদয়ের রক্তক্ষরণে সমগ্র জাতি মৃত মানুষের মতো নীরব, নিস্তব্ধ, নিস্তেজ ও নিষ্প্রাণ হয়ে পড়ে। তারই প্রতিফলন ঘটিয়েছেন আবুল ফজল তার অপূর্ব সৃষ্টি ‘মৃতের আত্মহত্যা’ গল্পের মূল চরিত্র সোহেলীর মধ্য দিয়ে। এটা ইতিহাসের বর্ণনা নির্ভর কোনো গল্প নয়। তবে ইতিহাসের মর্মান্তিক ট্র্যাজেডির পরিণতিতে দগ্ধ, পীড়িত ও ক্ষুব্ধ হওয়া একজন নারীর করুণ বিয়োগান্তুক ঘটনার হূদয় ফাটা চিত্রায়ণ। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তার মধ্য থেকে বিদেশে পালিয়ে থাকা একজন খুনীর স্ত্রী, গল্পের নায়িকা সোহেলীর চরিত্রের মধ্য দিয়ে সমগ্র বাঙালি জাতির দগ্ধ প্রাণের পরস্ফুিটন ঘটিয়েছেন আবুল ফজল। এ বছর জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতি অশেষ শ্রদ্ধা নিবেদনকল্পে একুশে টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় তৈরি হয়েছে বিশেষ নাটক ‘মৃতের আত্মহত্যা’। নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিন জাহান, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, মাস্টার তূর্য ও একটি বিশেষ চরিত্রে রয়েছেন ইরেশ যাকের। নাটকটি আজ রাত ১০টায় একুশে টেলিভিশনে প্রচার হবে।
