রাজধানীতে আরও ১৯ এআই ক্যামেরা চালু, এ পর্যন্ত মামলা দেড় হাজার: ডিএমপি কমিশনার

আপডেট : ৩০ জুন ২০২৬, ১৩:২৭

পর্যায়ক্রমে পুরো ঢাকাকেই এআই ক্যামেরার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডের এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানান, রাজধানীতে আরও ১৯টি ইন্টারসেকশনে (রাস্তার মোড়) এআই ক্যামেরা চালু হয়েছে। এ পর্যন্ত এআই ক্যামেরা দিয়ে মামলা হয়েছে দেড় হাজার, আর সমন বাকি আছে আরও ৩৮ হাজার।

ঢাকার ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক করতে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ সিদ্ধান্ত নেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি- এআই ক্যামেরার মাধ্যমে মামলা দেওয়ার। গত মাস থেকে এর কার্যক্রম শুরু হয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নে কমিশনার বলেন, ঢাকায় অটোরিকশা পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না। এটি নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত আছে। মন্ত্রণালয় ও পুলিশ সমন্বয় করে অটোরিকশা নিয়ন্ত্রণে কাজ করছে।

নিবন্ধন ও নম্বরপ্লেটহীন এই বাহনগুলোর কারণে ডিজিটাল ট্রাফিকিং ব্যবস্থা পুরোপুরি কার্যকর হবে না বলে বারবার সতর্ক করেছেন পরিবহন বিশ্লেষকরা।

ইত্তেফাক/এটিএন