কমনওয়েলথে ফিরছে ক্রিকেট

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:২৫

স্পোর্টস ডেস্ক

আবারও ক্রিকেট ফিরছে কমনওয়েলথে। যদিও, সেটা নারীদের ক্রিকেট। আগামী ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেখা যাবে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট।

আইসিসির র্যাংকিংয়ের শীর্ষ আটটি দল অংশ নেবে এই ইভেন্টে। লড়াই চলবে আটদিন ব্যাপি। এটাকে কমনওয়েলথ গেমসের সভাপতি ডেম লুইস একটা ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত বলে রায় দিয়েছেন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আজ  স্মরণীয় একটি দিন। আমরা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। আবারও কমনওয়েলথে গেমসে ক্রিকেটকে ফিরিয়ে আনতে পেরে আমরা উচ্ছ্বসিত।’

কুয়ালালামপুরে সর্বশেষ ১৯৯৮ সালে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট। ৫০ ওভারের ঐ ফরম্যাটে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে স্বর্ণ জিতেছিল প্রোটিয়ারা। সেবার অংশ নিয়েছিল বাংলাদেশ দলও।

শুধু কমনওয়েলথ নয়, অলিম্পিকেও ক্রিকেটের অন্তর্ভুক্তির ব্যাপারে কাজ শুরু করেছে আইসিসি। সংস্থাটি এর জন্য ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিককে লক্ষ্যমাত্রা হিসেবে গ্রহণ করেছে।

এমসিসির বিশ্ব ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং এই ব্যাপারে বলেন, ‘আইসিসির প্রধান নির্বাহী মানু সাওয়ানির সঙ্গে আমরা কথা বলেছি। ২০২৮ অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করার ব্যাপারে আমরা আশাবাদী। সেই লক্ষ্যে আইসিসি কাজ করে যাচ্ছে। আমরা মনে করি, বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে অলিম্পিকের কোনো বিকল্প হতে পারে না।’