নেইমারকে ছাড়া খেলতে নেমেই বড়ো জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করল পিএসজি। ১২ আগস্ট রাতে নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলাটিতে কোচ থমাস টুখেলের দল ৩-০ গোলে হারায় নিমেকে। ক্লাব ছাড়তে চান বলে নেইমারকে খেলায়নি ফরাসি চ্যাম্পিয়নরা। গোল তিনটি করেন এডিসন কাভানি, কিলিয়ান এমবাপে ও ডি মারিয়া। সংগত কারণেই মাঠে ছিলেন না ব্রাজিল তারকা। কিন্তু তার অনুপস্থিতির পরও স্বাগতিক দর্শকরা নেইমারের বিরুদ্ধে দুয়োধ্বনি দেয়। ক্ষোভ জানিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করে। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নেইমার চলে যাও।’ এরই মধ্যে পিএসজি নেইমারের জার্সি বিক্রি বন্ধ করে দিয়েছে। ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলাটির প্রাক্কালে জানান ব্রাজিল তারকার বিদায় ‘আগের যে কোনো সময়ের চাইতে জোরালো হয়েছে’।
