স্পোর্টস ডেস্ক
চেলসির কোচ হিসেবে শুরুটা এর চেয়ে খারাপ হতে পারত না দলটির সাবেক মিডফিল্ডার ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের উদ্বোধনী ম্যাচে ৪-০ গোলে হারের কবলে পড়ার পর এক সময়ের গুরু হোসে মরিনহোর তোপের মুখে পড়েন তিনি। তবে তিনিও পালটা জবাব দিয়েছেন মরিনহোকে।
মূলত অনভিজ্ঞ একাদশ নামানোর কারণেই সমালোচিত হয়েছেন তিনি। ল্যাম্পার্ড জানিয়েছেন দলের ইনজুরি সমস্যাই মূলত তাকে তারুণ্য-নির্ভর দল গড়তে বাধ্য করেছিল। আর এটাও জানিয়ে দিয়েছেন যে, বিশ্লেষকদের কথার পরোয়া করেন না তিনি।
মরিনহো স্কাই স্পোর্টসের ফুটবল বিশ্লেষক হিসেবে চলতি মৌসুমের শুরুতেই যোগ দিয়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির হারের পরিপ্রেক্ষিতে টিভি চ্যানেলটির এক অনুষ্ঠানে পর্তুগীজ এই কোচ মত দেন যে, আরো অভিজ্ঞ দল মাঠে নামানো উচিত ছিল ল্যাম্পার্ডের।
কিন্তু ল্যাম্পার্ড জানান এনগোলো কান্তে, অলিভিয়ের জিরু, উইলিয়ানের মতো দলের অনেক অভিজ্ঞ খেলোয়াড়ই চোটের কবলে পড়েছিলেন। যার ফলেই এমন দল নামাতে হয়েছিল। তিনি বলেন, ‘আমি খেলোয়াড়দের মেডিক্যাল রুম থেকে বের করে এনে খেলাতে পারি না। আজ যে খেলোয়াড়রা খেলেছে এবং বেঞ্চে ছিল এই খেলোয়াড়গুলোই আছে আমাদের।’
ল্যাম্পার্ডের মতো, ফলাফলের মতো বাজে মোটেও ছিল না চেলসির পারফরমেন্স। চেলসি কোচের ভাষ্য, ‘ম্যাচের ৪৫, এমনকি ৬০ মিনিট পর্যন্ত আমরাই শ্রেয়তর দল ছিলাম কিন্তু আমরা কিছু ব্যক্তিগত ভুল করেছি যার ফলেই মাত্র পাঁচটা শটে চারটা গোল হজম করেছি। এটাই তিক্ত বাস্তবতা।’
প্রথমার্ধে চেলসির দুইটি শট গোলপোস্টে প্রতিহত হয়েছিল। কিন্তু পেনাল্টি থেকে মার্কাস র্যাশফোর্ড গোল করলে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ল্যাম্পার্ডের শিষ্যরা। চেলসি কোচের বিশ্বাস গোলদুটো পেয়ে গেলে গল্পটা অন্যরকমও হতে পারত, ‘বিরতির সময় যদি ২-১ কিংবা ৩-১ গোলে এগিয়ে থাকতে পারতাম, তাহলে খেলাটা সম্পূূর্ণ ভিন্ন হতো।’ বিরতির পর মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ম্যানইউর র্যাশফোর্ড, অ্যান্থনি মার্শিয়াল এবং ড্যান জেমস গোল করলে ম্যাচটা ধরাছোঁয়ার বাইরে চলে যায় চেলসির।
এর আগে মরিনহো জানিয়েছিলেন, ম্যানচেস্টার সিটির বি দলও ম্যানইউকে হারাতে সক্ষম। সেই ম্যানইউর কাছেই চেলসির হারের পর পর্তুগীজ এই ফুটবল বিশ্লেষক জানান, ম্যাচটায় অভিজ্ঞতার অভাবে পড়েছিল ব্লুজরা।
তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে আজকের ম্যাচে আরো পরিচিত দল মাঠে নামানোর সম্ভাবনা ছিল তাদের। মার্কোস আলন্সো, কান্তে এবং জিরু বেঞ্চে ছিল। একটু অভিজ্ঞতা দলটার সঙ্গে দারুণ মানিয়ে যেত। আপনি ম্যাসন মাউন্ট, আন্দ্রেয়াস ক্রিশ্চিয়ানস, ট্যামি আব্রাহামের পারফরমেন্স দেখুন। এমন মানের ম্যাচের জন্য আপনার আরো একটু বেশি কিছু দরকার।’
দল নির্বাচন নিয়ে সাবেক গুরুর সমালোচনার জবাব দিতে মোটেও সংকোচবোধ করেননি ল্যাম্পার্ড। তিনি বলেন, ‘পণ্ডিতদের কথা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই আমার। কিন্তু যেটা পরিষ্কার সেটা হচ্ছে আমার দল। এই দলেই বিশ্বাস রাখতে হবে আমাদের।’
চেলসি ছাড়া বড়ো সব দলই জয় নিয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে। টটেনহ্যাম ৩-১ গোলে অ্যাস্টন ভিলাকে, আর্সেনাল ১-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে। এদিকে শুরুর দিনে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি যথাক্রমে নরউইচ সিটি ও ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড়ো জয় পেয়েছিল।
