জামালপুর পৌর শহরে জানালার গ্রিল কেটে দুই বিচারকের ভাড়া বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা প্রায় আট ভরি স্বর্ণালংকার, একটি হীরার আংটি, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার (৩০ জুন) রাতে জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে। ভুক্তভোগী সিভিল জজ আহমাদুল কবির সাকিল মেলান্দহ সিভিল জজ আদালতে এবং তার স্ত্রী সিভিল জজ নুসরাত জেরিন জেনি দেওয়ানগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত।
স্থানীয় সূত্র জানায়, আমলাপাড়া এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের তিনতলা বাড়ির তৃতীয় তলায় গত সাত মাস ধরে ভাড়া থাকেন বিচারক দম্পতি। মঙ্গলবার বিকেলে স্ত্রীকে গ্রামের বাড়িতে পৌঁছে দিতে বাসা থেকে বের হন আহমাদুল কবির সাকিল। এ সময় বাসা ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
অভিযোগ অনুযায়ী, চোরেরা একটি হীরার আংটি, আট ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। যাওয়ার আগে ঘরের আসবাবপত্র তছনছ করে এলোমেলো করে রেখে যায়।
আহমাদুল কবির সাকিল জানান, রাত ৮টার দিকে বাসায় ফিরে বাইরে থেকে দরজার তালা খুলতে না পেরে প্রথমে ধারণা করেছিলেন তালাটি নষ্ট হয়েছে। পরে একজন মিস্ত্রি এনে তালা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এতে তার সন্দেহ হয়, ঘরের ভেতর থেকে কেউ দরজা আটকে রেখেছে। রাত ৯টার পর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে জানালার গ্রিল কাটা, ঘরের আসবাবপত্র তছনছ এবং মূল্যবান জিনিসপত্র খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান।
বাড়ির মালিক মো. আনোয়ার হোসেন বলেন, তার তিনতলা ভবনে পাঁচটি ইউনিট রয়েছে এবং এর আগে কখনো এমন চুরির ঘটনা ঘটেনি। তিনি দাবি করেন, ভবনে সিসিটিভি ক্যামেরা থাকলেও বর্তমানে তা অকার্যকর। তার ধারণা, পরিকল্পিতভাবে ক্যামেরা বিকল করে চুরির ঘটনা ঘটানো হয়েছে।
জামালপুর সদর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নূর মোহাম্মদ বলেন, বিচারক দম্পতির ভাড়া বাসায় গ্রিল কেটে চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

