স্পোর্টস ডেস্ক
চোটের কারণে বার্সেলোনার যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেননি দলের অধিনায়ক লিওনেল মেসি। এবার দলের কোচ আর্নেস্তো ভালভার্দে জানিয়েছেন শুক্রবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষেও খেলা অনিশ্চিত আর্জেন্টাইন তারকার।
প্রাক মৌসুমের শেষ ম্যাচে ন্যাপোলিকে ৪-০ গোলে হারিয়ে ২০১৯-২০ মৌসুমের প্রস্তুতিটা ভালোই সেরেছে বার্সেলোনা। লুই সুয়ারেজ করেন জোড়া গোল। বার্সেলোনার হয়ে প্রথম গোলের দেখা পান আন্তনিও গ্রিজমান। লক্ষ্যভেদ করেন উসমান দেম্বেলেও।
গত শনিবারের এই ম্যাচে এমন পারফর্মেন্সের পরও লা লিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচে মেসিকে না পাওয়া নিয়ে আশঙ্কা করেন ভালভার্দে। বার্সা কোচ বলেন, ‘মেসি ছুটিতে থাকলে ভালোই লাগতো কিন্তু সে এখন চোটগ্রস্ত। তাকে এখানে (যুক্তরাষ্ট্রে) পেলে এবং শুক্রবারের ম্যাচে ভরসা করতে পারলে ভালো লাগতো কিন্তু এখন সেটা কঠিনই মনে হচ্ছে।’
পুরো ম্যাচজুড়ে মাঝমাঠে আলো ছড়ানো ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের ভূয়সী প্রশংসাই করেছেন ভালভার্দে। তিনি বলেন, ‘অন্যদের জন্য যে কৌশল অবলম্বন করি তার জন্যেই তাই করছি। অনেক খেলোয়াড়ই আছেন যারা মাঝমাঠে খেলতে পারেন। আজ (গত শনিবার) ন্যাপোলির বিপক্ষে সে দেখিয়েছে যে সে একজন দারুণ খেলোয়াড়। সে যে কোনো জায়গায় খেলতে পারে এবং সেটাই হবে। আমি মনে করি আমরা একজন দারুণ খেলোয়াড় দলে ভিড়িয়েছি।’
