জেসিআই ঢাকা ইস্টের লোকাল প্রেসিডেন্ট সালমা আক্তার হীরা

আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৩৩

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ইস্টের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে সালমা আক্তার হীরা নির্বাচিত হয়েছেন। রোববার (২৮ জুন) অনুষ্ঠিত সংগঠনটির সাধারণ সভায় (জেনারেল অ্যাসেম্বলি) সাংবিধানিক কার্যক্রম শেষে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করা হয় এবং নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন।

দীর্ঘ সময় পর জেসিআই ঢাকা ইস্টের ইতিহাসে নারী লোকাল প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে এক নতুন মাইলফলক স্থাপন করেছেন তিনি।

চলতি বছরের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান রাজীব, জেনারেল লিগ্যাল কাউন্সেল আশিক এলাহী মজুমদার, ভাইস প্রেসিডেন্ট রাইনুল ইসলাম ও আহমেদ ইমতিয়াজ সামাদ, সেক্রেটারি জেনারেল ইশা খান, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান শুভ এবং লোকাল ডিরেক্টর ওমর ফারুক ও মো. জুবায়ের হোসেন।

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের জাতীয় বোর্ডের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, সিনেটরবৃন্দ, সাবেক জাতীয় সভাপতি, সাবেক লোকাল প্রেসিডেন্ট, বিভিন্ন লোকাল অর্গানাইজেশনের বর্তমান লোকাল প্রেসিডেন্ট, সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি সংগঠনের ঐক্য, নেতৃত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

এদিকে শপথ গ্রহণ শেষে সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন সালমা আক্তার। একইসঙ্গে সদস্য উন্নয়ন, দক্ষ নেতৃত্ব বিকাশ, সামাজিক প্রভাব সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং তরুণ নেতৃত্বের জন্য কার্যকর সুযোগ সৃষ্টি করার মাধ্যমে জেসিআই ঢাকা ইস্টকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নেতৃত্বকে নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক অলাভজনক সদস্যভিত্তিক সংগঠন। জেসিআই ঢাকা ইস্ট, জেসিআই বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা লোকাল অর্গানাইজেশন হিসেবে নেতৃত্ব বিকাশ, সামাজিক উদ্যোগ এবং ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তরুণ নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে আসছে।

 

ইত্তেফাক/এনটিএম