আবারও পিএসজির হোঁচট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট খুইয়েছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইঁ। স্ট্রাসবুর্গের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করেছে তারা। কুঁচকির ইনজুরির কারণে এই ম্যাচে তারকা ফরোয়ার্ড নেইমারকে পায়নি কোচ থমাস টুখেলের দল। প্রথমার্ধ্বে নিজেদের বক্সে থিলো কাহরারের হ্যান্ড বলের কারণে পেনাল্টি হজম করে শিরোপাধারী দলটি। সেখান থেকে স্ট্রাসবুর্গকে এগিয়ে দেন কেনি লালা। প্রথমার্ধ্বে কড়া ট্যাকলের শিকার হওয়া এমবাপেকে বিরতির সময় মাঠ থেকে তুলে নেন কোচ। পেনাল্টি থেকে তার বদলি এডিসন কাভানির গোলে সমতায় ফেরে পিএসজি। তুখেলের শিষ্যদের ১-১ গোলের ড্রতেই বাধ্য করে স্ট্রাসবুর্গ। উল্লেখ্য, লিগের প্রথম ১৪ ম্যাচে জেতার পর পিএসজির জয়রথ থামে আগের ম্যাচে। বোর্দোর বিপক্ষে ম্যাচটি শেষ হয়েছিল ১-১ ব্যবধানে।