হবিগঞ্জে পৃথক সংঘর্ষে আহত ৩০

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:৩৬

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। বুধবার ওই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের কাশিমপুর এবং সিংহগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কাশিমপুর গ্রামের মোশাররফ মিয়া তার স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। এর জেরে তার শ্বশুর একই গ্রামের আব্দুল মতলিবের লোকজন ও মোশাররফ মিয়ার লোকজন বুধবার দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

অপরদিকে, মক্তব কমিটি গঠন নিয়ে সিংহগ্রামের বাদশা মিয়ার সাথে নওয়াব আলী ও সালেহ উদ্দিনের বিরোধ দেখা দেয়। এ নিয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে।