সাতক্ষীরা প্রতিনিধি
পারিবারিক কলহের জেরে সাতক্ষীরায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে শহরের সুলতানপুর পালপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ দীপিকা হাজরা কালীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের ওমিয় হাজরার মেয়ে।
নিহত গৃহবধূর মা কল্পনা হাজরা জানান, ২০১৮ সালে তার মেয়ের সঙ্গে বিয়ে হয় সুলতান পুর পালপাড়া গ্রামের অপারেষ পালের ছেলে অনিমেষ পালের। বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকের দাবিতে তারা প্রায়ই মারধর করত। চাহিদামতো তাকে কয়েক দফা যৌতুকের টাকাও দেওয়া হয়। তার জামাই অনিমেষ পাল বাগেরহাটে চাকরি করত। গত চার দিন আগে তার বাড়ি থেকে মেয়েকে নিয়ে যায় তার জামাই। মেয়ে প্রথমে যেতে না চাইলে তাকে সেখানেও মারধর করা হয়। মঙ্গলবার রাতে জামাই ফোন করে বলে আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
কল্পনা হাজরা দাবি করেন, তার মেয়ের শরীরে আঘাতের চিহূ রয়েছে।
তিনি অভিযোগ করেন, প্রথমে দীপিকাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে।
তবে, নিহতের স্বামী অনিমেষ পাল ও শ্বশুর অপারেশ পাল বিষয়টি অস্বীকার করে বলেন, দীপিকা আত্মহত্যা করেছে। তাকে কেউ নির্যাতন করে হত্যা করেনি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।
