স্বাধীনতার শতবর্ষে কাশ্মীর আর ভারতের থাকবে না —এমডিএমকে

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:৪২

 

ভারতের তামিলনাড়ুর প্রভাবশালী রাজনৈতিক দল এমডিএমকের প্রধান ভাইকো বলেছেন, ভারতের স্বাধীনতার শততম বার্ষিকীতে কাশ্মীর আর ভারতের অন্তর্ভুক্ত থাকবে না। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীর নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এমডিএমকে প্রধানের এমন মন্তব্যে বিতর্কের ঝড় বইছে।

গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মীরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার। এদিন ভাইকো রাজ্যসভায় বলেন, ‘আপনারা কাশ্মীরের মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছেন। যখনই ওখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল, তখনই আমার আশঙ্কা হয়েছিল। কাশ্মীরকে কসোভো, ইস্ট তিমুর বা দক্ষিণ সুদান হতে দেওয়া যাবে না।’

সোমবার এমডিএমকে প্রধান ভাইকো বলেন, দেশ যখন তার স্বাধীনতার শততম বছর উদ্যাপন করবে তখন কাশ্মীর আর ভারতের থাকবে না। বিজেপিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ওরা কাশ্মীরকে কাদার মধ্যে তলিয়ে দিয়েছে। আমি এর আগেও কাশ্মীর সম্পর্কে আমার মতামত প্রকাশ করেছি। কাশ্মীর সমস্যার জন্য ৭০ শতাংশ দায়ী বিজেপি ও ৩০ শতাংশ দায়ী কংগ্রেস।’

বিশেষ মর্যাদা ক্ষুণ্ন করার দিন সকাল থেকেই জম্মু-কাশ্মীর কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনো গণপরিবহন নেই। ইন্টারনেট-মোবাইল পরিষেবাও সীমিত। শুক্রবার জুমার নামাজ ও ঈদকে সামনে রেখে কারফিউ শিথিলের ঘোষণা দিয়েও রবিবার তা পুনর্বহাল করা হয়।