মিয়ানমারে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২০:৪৩

g বিবিসি

মিয়ানমারের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৯ জনে দাঁড়িয়েছে। কয়েক দিনের টানা বৃষ্টিপাতের পর শুক্রবার মোন রাজ্যে ভূমিধসের ঘটনাটি ঘটে। কিন্তু প্রবল বৃষ্টিপাত ও কাদার কারণে উদ্ধারকাজে ব্যাঘাত ঘটে। 

ভূমিধসে পাউং শহর সংলগ্ন একটি গ্রামের ২৭টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। ঘটনার পাঁচ দিন পরও উদ্ধারকাজ অব্যাহত আছে। চলতি বর্ষা ঋতুতে বৃষ্টিপাতে মিয়ানমারের বিভিন্ন অংশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এতে ঘরবাড়ি ডুবে গেছে, বহু সেতু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশজুড়ে দুর্গত ৮০ হাজার লোক ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের অনেক রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ মোন রাজ্যেই সবচেয়ে বেশি। সোমবার দেশটির ভাইস প্রেসিডেন্ট হেনরি ভ্যান থিয়ো মোন রাজ্য পরিদর্শন করেছেন। এ সময় উদ্ধারকাজ জোরদার করার জন্য আরো নৌকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।