নখ কাটার সুন্নত পদ্ধতি: ইসলামে কীভাবে নখ কাটা উত্তম?

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:০৬

ইসলামে পরিচ্ছন্নতা ও পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিদের ভালোবাসার ঘোষণা দিয়েছেন, আর হাদিসে একে ‘ইমানের অঙ্গ’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। হাত-পায়ের নখ ছোট রাখা ফিতরতের অন্তর্ভুক্ত একটি সুন্নত আমল। সাধারণ এই দৈনন্দিন কাজটিও যদি রাসুলুল্লাহ (সা.)-এর নির্দেশিত পথ ও বুজুর্গদের দেখানো তরিকা অনুযায়ী করা হয়, তবে তা ইবাদতে পরিণত হয় এবং সওয়াব লাভ করা যায়।

নখ কাটার উত্তম সময়
সপ্তাহে অন্তত একবার হাত ও পায়ের নখ কাটা সুন্নত (শরহুস সুন্নাহ: ৩০৯০)। মুসলমানদের জন্য শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। তাই এই বিশেষ দিনে জুমার নামাজে যাওয়ার আগে নখ কাটা, গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত আমলের অন্তর্ভুক্ত (শরহুস সুন্নাহ: ৩০৯১)। তবে নখ বেশি বড় হয়ে গেলে শুক্রবারের অপেক্ষা না করে কেটে ফেলা উচিত। হাদিস অনুযায়ী, ৪০ দিনের বেশি নখ না কেটে রাখা উচিত নয়।

হাতের নখ কাটার পদ্ধতি
ইসলামে যেকোনো ভালো বা কল্যাণকর কাজ ডান দিক থেকে শুরু করা সুন্নত। নখ কাটার ক্ষেত্রেও ডান হাত ও ডান পা থেকে শুরু করা সুন্নত আমল। কোন আঙুল থেকে নখ কাটা শুরু করতে হবে, তা নিয়ে সরাসরি কোনো মারফু হাদিস না থাকলেও ফকিহ ও বুজুর্গদের অনুসৃত একটি সুন্দর পদ্ধতি ইসলামি ফিকহের কিতাবগুলোতে বর্ণিত হয়েছে, যা আদবের অন্তর্ভুক্ত।  

ফিকহদের বর্ণিত আদব অনুযায়ী ক্রমটি হলো—

  • প্রথমে ডান হাতের তর্জনী (শাহাদাত) আঙুল থেকে শুরু করে মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা আঙুলের নখ কাটতে হবে। অর্থাৎ বুড়ো আঙুল বাদ থাকবে।
  • এরপর বাঁ হাতের কনিষ্ঠা আঙুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে বুড়ো আঙুল পর্যন্ত নখ কাটতে হবে।
  • সবশেষে ডান হাতের বুড়ো আঙুলের নখ কাটতে হবে।

 

সূত্র: ফাতওয়ায়ে শামি: ৬ / ৪০৬, ফাতওয়ায়ে আলমগিরি: ৫ / ৩৫৮

পায়ের নখ কাটার পদ্ধতি

  • পায়ের নখ কাটার ক্ষেত্রেও ডান দিক থেকে শুরু করা উত্তম।
  • ডান পায়ের কনিষ্ঠা আঙুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে ডান পায়ের বুড়ো আঙুল পর্যন্ত নখ কাটতে হবে।
  • এরপর বাঁ পায়ের বুড়ো আঙুল থেকে শুরু করে ধারাবাহিকভাবে কনিষ্ঠা আঙুল পর্যন্ত নখ কেটে শেষ করতে হবে।

 

গুরুত্বপূর্ণ বিষয়
হাত ও পায়ের নির্দিষ্ট আঙুলের এই ক্রমটি সহিহ হাদিসে সরাসরি বর্ণিত নয়। এটি ফকিহদের উল্লেখিত একটি মুস্তাহাব ও উত্তম আদব। তাই এটিকে সুন্নতে মুয়াক্কাদা বা আবশ্যিক সুন্নত মনে করা ঠিক নয়।

মূল সুন্নত হলো—

  • নিয়মিত নখ ছোট রাখা
  • পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
  • এবং নখ কাটার সময় ডান দিক থেকে শুরু করা

 

এভাবে সুন্নতের আদব অনুসরণ করে নখ কাটলে দৈনন্দিন একটি কাজও ইবাদতের মর্যাদা লাভ করতে পারে।

ইত্তেফাক/এসজেএস