রিকশার হর্ণ বাজানোর জেরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারধরে বাধা দেওয়ায় জহুরুল প্রধান (৪৫) নামে ওই রিকশার যাত্রীকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এরশাদ নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত স্বপন কুমার সরকার।
নিহত জহুরুল প্রধান উপজেলার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চক গোবিন্দপুর চরপাড়া গ্রামের মৃত খালেক প্রধানের ছেলে। পেশায় তিনি গ্রিল মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জহুরুল প্রধান একটি অটোরিকশায় চড়ে গোবিন্দগঞ্জের কাটামোড়ে যাচ্ছিলেন। রিকশাটি কাটামোড় এলাকায় পৌঁছানোর মুহূর্তে চালক হর্ন বাজালে স্থানীয় বাসিন্দা এরশাদ আলীসহ আরও দুই থেকে তিনজন ক্ষিপ্ত হয়ে অটোরিকশা চালককে মারধর শুরু করেন। এ সময় রিকশার যাত্রী জহুরুল প্রধান চালককে বাঁচাতে এগিয়ে যান এবং মারধরে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত এরশাদ আলী জহুরুল প্রধানের বুকে সজোরে একটি ঘুষি মারেন। ঘুষির আঘাতে তিনি তাৎক্ষণিকভাবে মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত এরশাদ আলীকে আটক করে থানায় নিয়ে যায়।
এঘটনায় রাতে নিহতের স্ত্রী শিরিন বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। আটক এরশাদ আলীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।
গোবিন্দগঞ্জ থানার ওসি স্বপন কুমার সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনায় এরশাদ আলী নামে একজনকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

