বালোগানের লাল কার্ডে ক্ষুব্ধ মার্কিন সমর্থকরা, ট্রাম্পের হস্তক্ষেপের দাবি

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১৪:৫৭

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে জয়ের আনন্দ ম্লান করে দিয়েছে দলের তারকা ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড।

ম্যাচের ৬১তম মিনিটে বল দখলের লড়াইয়ে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে পেছন থেকে ট্যাকল করেন বালোগান। ঘটনাটি ভিএআরে দেখে ৬৪তম মিনিটে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। এর ফলে পরের ম্যাচে খেলতে পারবেন না এই ফরোয়ার্ড।

প্রথমার্ধে গোল করে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেওয়া বালোগানের এটি ছিল চলতি বিশ্বকাপে তৃতীয় গোল।

ম্যাচ শেষে লাল কার্ডের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনো। তবে ফিফার ৬৬.৪ ধারা অনুযায়ী, সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ না থাকায় পরের ম্যাচে নিষেধাজ্ঞা এড়ানোর কোনো পথ নেই।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন মার্কিন সমর্থকেরা। অনেকে রসিকতার ছলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপও দাবি করেছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সুসম্পর্কের প্রসঙ্গ টেনে একজন সমর্থক লিখেছেন, ‘ট্রাম্পের উচিত ফিফার কাছে আপিল করা, প্রয়োজন হলে একটি নির্বাহী আদেশ জারি করা।’

আরেকজন মন্তব্য করেছেন, ‘ট্রাম্প এখনও কেন বালোগানকে প্রেসিডেন্সিয়াল পারডন দিচ্ছেন না?’

কেউ কেউ আবার বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ট্রাম্পকে দেওয়া ‘ফিফা পিস প্রাইজ’ ফেরত দেওয়ার কথাও রসিকতার ছলে লিখেছেন।

উল্লেখ্য, মরিসিও পচেত্তিনোর অধীনে বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে এখন পর্যন্ত দলের কোনো ম্যাচে গ্যালারিতে দেখা যায়নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তা ও রাজনৈতিক কারণে তার মাঠে উপস্থিতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।

ইত্তেফাক/এসএ