সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২১:০৮

ইত্তেফাক রিপোর্ট

বাড্ডা, শান্তিনগর ও বিমানবন্দর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোহেল, রিনভি ও সেলিম নামে তিন জন নিহত হয়েছেন। ঈদের দিন সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই তিনটি দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার এসআই শাহ আলম জানান, সোহেলের বাবার নাম নুরুল আলম। থাকত ভাটারা নতুনবাজার এলাকায়। বাবার ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করতেন তিনি। সোমবার রাত ১২ টার দিকে দূর সম্পর্কের ভাই কবিরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরছিলেন তারা। শান্তিনগরে ফ্লাইওভার ব্রিজ থেকে নেমে  নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। সোহেল গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর রাত ১টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহত রিনভির চাচা মাসুদ জানান, ভাটারা নতুন বাজার এলাকায় থাকতেন রিনভি। ঈদের দিন রাতে উত্তর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় পিকআপের ধাক্কায় ছিটকে পড়েন। ঐ সময় একটি চলন্ত বাস তাকে চাপা দেয়। এতে আহত হন স্বামী, সন্তানসহ তিন জন। পরে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে গভীর রাতে রিনভিকে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর বাস স্টেশনে মঙ্গলবার বিকালে একটি বাসে উঠতে গিয়ে অপর বাসের চাপায় মো. সেলিম নামে যুবক নিহত হয়েছেন। নিহত সেলিম উত্তরা ৪ নম্বর সেক্টরের কর অঞ্চল-৯ এর অফিস সহকারী ছিলেন। দক্ষিণ খান থানা এলাকার দক্ষিণপাড়া নামক স্থানে তার বাসা। জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে সেলিম বিমানবন্দর বাস স্টেশনে একটি বাসে উঠার সময় পাশ দিয়ে আসা আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে সে দুই বাসের মাঝে চাপা পড়ে। পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরার একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে রাত সাড়ে ৮টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।