গেজেট প্রকাশের ওপর স্থিতাবস্থা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

আপডেট : ১৪ আগস্ট ২০১৯, ২১:০৮

নবম ওয়েজ বোর্ড

ইত্তেফাক রিপোর্ট

সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন বৃদ্ধিতে নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আগামী ১৯ আগস্ট ঐ আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছে চেম্বার আদালত। গতকাল বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারী নোয়াবের পক্ষে অ্যাডভোকেট এ এফ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

গত ৬ আগস্ট হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশের ওপর দুই মাসের স্থিতাবস্থা জারি করে। এছাড়া শ্রম আইনের ১২৮ বিধি অনুযায়ী অংশীজনদের আপত্তি উত্থাপনের সুযোগ না দিয়ে একতরফাভাবে নবম ওয়েজ বোর্ড চূড়ান্তকরণ এবং গেজেট জারির সুপারিশ করে তা সরকারের কছে পাঠানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রিসভা কমিটির আহবায়ক, তথ্য সচিব, শ্রম সচিব এবং নবম ওয়েজ বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। নবম ওয়েজ বোর্ড চূড়ান্ত করার বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে এই রিট করেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) পক্ষে এর সভাপতি দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

হাইকোর্টের ঐ স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। পরে স্থগিত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।

সম্প্রচারে আইন অনুসরণের আহ্বান

যথাযথ অনুমতি না নিয়ে কোনো কোনো টিভি চ্যানেল বিদেশি চ্যানেলের অনুষ্ঠান, বিদেশি সিরিয়াল, ডাবিংকৃত বিদেশি সিরিয়াল বা সেন্সরবিহীন সিনেমা সম্প্রচার বা প্রদর্শন করছে বলে তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে আইন ও বিধি যথাযথ অনুসরণের জন্য তথ্য মন্ত্রণালয় থেকে এক পত্রের মাধ্যমে সব টেলিভিশন চ্যানেলকে অনুরোধ করা হয়েছে। গতকাল বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন এর ১৯(১৪) ধারা অনুযায়ী বাংলাদেশের দর্শকদের উদ্দেশে উক্ত ধরনের সম্প্রচার বা প্রদর্শনের ক্ষেত্রে সরকারের অনুমতি গ্রহণের আবশ্যকতা রয়েছে।