রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রপাতের পাশাপাশি দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে।
দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে— ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

