ফরিদপুরে হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা, পরদিন কমিটি বিলুপ্ত

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১০:৫৯

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে গুলিতে এক যুবক নিহতের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সজীব মাতুব্বরকে (২৮) প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলা দায়েরের এক দিন পর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

প্রধান আসামি সজীব মাতুব্বর ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া মহল্লার বাসিন্দা। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ছিলেন।

শুক্রবার (৩ জুলাই) রাত আটটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন ও সদস্যসচিব শাহরিয়ার শিথিলের যৌথ স্বাক্ষরে এ সিদ্ধান্ত জানানো হয়।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে ‘ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তিকরণ প্রসঙ্গে’ শিরোনামে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনিবার্য কারণবশত ৩ জুলাই বিলুপ্ত ঘোষণা করা হলো।


পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে সুমন শেখ (২০) মারা যান।

এ ঘটনায় গত বৃহস্পতিবার মিলন শেখ বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ভাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার এক নম্বর আসামি করা হয় স্বেচ্ছাসেবক দলের নেতা সজীব মাতুব্বরকে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে মামলার প্রধান আসামি সজীব এখনো পলাতক।

এদিকে শুক্রবার বিকেল পাঁচটার দিকে নিহত সুমনের বাড়িতে তার পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে এবং কবর জিয়ারত করতে যান ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম (বাবুল)। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মামলা তার নিজস্ব গতিতে চলবে এবং এই মামলায় কেউ কোনো ইন্টারফেয়ার করবে না। আর এই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আজকেই আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। আপনারা খবর পাবেন যে, আজই তাদের বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত আমরা ঘোষণা করছি এবং এটি আনুষ্ঠানিকভাবে আপনারা জানতে পারবেন।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের এই বক্তব্যের তিন ঘণ্টার মধ্যেই ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি বিলুপ্তির এ ঘোষণা আসে।

এসব বিষয়ে বক্তব্য জানতে সজীব মাতুব্বরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। 

ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্তির ঘোষণা নিশ্চিত করে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার শিথিল বলেন, এই কমিটির বিরুদ্ধে নানা সময়ে নানা ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছিল। সর্বোপরি এই দলের এক নেতা হত্যা মামলার এক নম্বর আসামি হয়েছেন। এ মামলা যাতে নিরপেক্ষ তদন্ত হতে পারে এবং মামলায় যাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বিস্তারের সুযোগ না ঘটে, এ কারণে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইত্তেফাক/এমএসআর