ব্রাজিলের মুখোমুখি নরওয়ে, হালান্ড বললেন- ‘সম্ভাবনা খুবই ক্ষীণ’

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ১৪:২৯

মঙ্গলবার আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলের জয়ে নরওয়ের নায়ক ছিলেন এরলিং ব্রাউট হালান্ড। তবে শেষ ষোলোতে ব্রাজিলকে মোকাবিলা করার আগে বাস্তববাদী মন্তব্য করেছেন এই তারকা ফরোয়ার্ড। তার মতে, শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে অঘটন ঘটানোর সম্ভাবনা স্ক্যান্ডিনেভিয়ান দলটির খুবই ক্ষীণ।

প্রথমার্ধে আন্তোনিও নুসার দুর্দান্ত শটে লিড নেয় নরওয়ে। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে আমাদ দিয়ালো গোল করে আইভরি কোস্টকে সমতায় ফেরান। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগে এরলিং হালান্ডের গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে স্ক্যান্ডিনেভিয়ানরা।

এই টুর্নামেন্টে পাঁচ গোল করা হালান্ড বলেন, ‘আইভরি কোস্ট সত্যিই নরওয়েকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছিল। তবে দারুণ একটি দলের বিপক্ষে খুব কঠিন ম্যাচে তারা শেষ পর্যন্ত চ্যালেঞ্জ উতরে যেতে সক্ষম হয়েছে।’

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা কতটা- এমন প্রশ্নের জবাবে হালান্ড বলেন, ‘সম্ভাবনা খুবই ক্ষীণ।’ তবু আত্মবিশ্বাস হারাচ্ছেন না এই স্ট্রাইকার। তিনি বলেন, ‘আমরা যে শেষ ষোলো পর্যন্ত পৌঁছাতে পারব, সেটাই অনেকের প্রত্যাশার বাইরে ছিল। এবার ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, যা নিঃসন্দেহে বড় একটি চ্যালেঞ্জ।’

আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড বলেন, ‘এটি ইতিহাস, অনুভূতিটা অবিশ্বাস্য। আমরা ২৮ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছি, গ্রুপ পর্ব পেরিয়েছি, আর এখন পরের রাউন্ডেও উঠেছি এবং নিউইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হব।’

তিনি আরও বলেন, ‘এটি অবিশ্বাস্য। এখন থেকে যা-ই হবে, সবই আমাদের জন্য বাড়তি প্রাপ্তি। এখন আমরা কোনো চাপ ছাড়াই খেলতে পারি এবং উপভোগ করতে পারি, কারণ আমার মনে হয় না আমরা আর কখনও এমন অনুভূতির মুখোমুখি হব।’

বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে খেলার সুখস্মৃতি রয়েছে নরওয়ের। ১৯৯৮ বিশ্বকাপে তারা ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। সেই আসরে ব্রাজিল ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হয়।

নরওয়ের অধিনায়ক মার্টিন ওদেগার্ডও ম্যাচটি নিয়ে মুখিয়ে আছেন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা নরওয়ে-ব্রাজিল ম্যাচের গল্প শুনে বড় হয়েছি, বিষয়টি সবসময় আমাদের মনে ছিল। এখন আমরা নিজেরাই সেই সুযোগ পাচ্ছি। এটা অসাধারণ। বিশ্বকাপে ব্রাজিলের চেয়ে বড় প্রতিপক্ষ আর হয় না। আমরা মুখিয়ে আছি। ফুটবলে সবকিছুই সম্ভব, তাই দেখা যাক আমরা আরেক ধাপ এগোতে পারি কি না।’

আগামী রোববার (৫ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। খেলা হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

ইত্তেফাক/ আরএইচ